নোয়াখালীর বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে। আহতদের মধ্যে তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলার সময় দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে তার ওপর আবারও হামলা চালানো হয়। বুকে ছুরিকাঘাত লাগে, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





