ইরানে হামলা চালিয়ে পারমাণবিক আলোচনায় বিঘ্ন সৃষ্টি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও সহিংসতা ছড়াতে চান।
\r\nশনিবার (১৪ জুন) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন এরদোয়ান। তুরস্ক সরকারের যোগাযোগ অধিদপ্তরের বরাতে খবরটি জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।
\r\nএরদোয়ানের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তিনি ইরানকে উদ্দেশ করে বলেছেন, গাজায় চালানো গণহত্যা থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরাতেই ইসরায়েল ইরানে হামলা করেছে।
\r\nএই ফোনালাপের পাশাপাশি এরদোয়ান সৌদি আরব, পাকিস্তান, জর্ডান ও মিসরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও আলাদা আলাদা আলোচনা করেন। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলকে তিনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য \"সবচেয়ে বড় হুমকি\" বলে উল্লেখ করেন।
\r\nসৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান বলেন, “ইসরায়েলের উসকানিমূলক পদক্ষেপগুলো গোটা অঞ্চলকে অনিরাপদ করে তুলেছে।”
\r\nএদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ফোনালাপে এরদোয়ান আরও বলেন, “ইসরায়েলের চলমান হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই বিঘ্নিত করছে না, বরং আইনের প্রতি অবজ্ঞার প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ।”
\r\nএরদোয়ান দৃঢ়ভাবে বলেন, “এই আগ্রাসী নীতিমালা শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে।”





