ইসরায়েলের রাজধানী জেরুজালেমে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তির দাবিতে বুধবার সকাল থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছেন।
আয়োজকরা জানিয়েছেন, এই বিক্ষোভ শনিবার পর্যন্ত চলবে এবং এটি ‘বিশৃঙ্খলা দিবস’ হিসেবে আখ্যায়িত হয়েছে। বিক্ষোভকারীরা বাসভবনের সামনের এলাকায় তাঁবু স্থাপন করেছেন এবং আবর্জনা ফেলার কন্টেইনারে আগুন জ্বালিয়ে ‘আগুনের বলয়’ তৈরি করেছেন। এতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের মাত্র একশ মিটার দূরে আগুন ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীদের মূল দাবি দুটি—গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক সকল বন্দীকে মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তি।
এই আন্দোলনে তেল আবিবের কয়েকটি প্রধান প্রযুক্তি সংস্থা, যেমন মানডে, উইক্স এবং ফাইভার, তাদের কর্মীদের বিক্ষোভে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে। বিক্ষোভস্থলে পৌঁছানোর সুবিধার জন্য সারোনা কমপ্লেক্স থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
বিক্ষোভ তীব্র হওয়ায় জেরুজালেমের প্রবেশদ্বার ও প্রধান সড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তেল আবিবের প্যারিস স্কোয়ারে একটি কেন্দ্রীয় সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে।





