আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশ থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় আসার সুবিধার্থে সাতটি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষ থেকে রেল মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি চিঠি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্য থেকে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে তাকে সংবর্ধনা জানাতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতার ঢাকায় আগমনের সম্ভাবনা রয়েছে। সে কারণে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে আগ্রহী বিএনপি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে জানানো হয়।

আবেদনে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটে একটি করে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে কাজ শুরু করেছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যসচিব ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরা একটি ঐতিহাসিক ঘটনা। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে অভ্যর্থনা কমিটি সক্রিয়ভাবে কাজ করছে।