জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক ও শৃঙ্খলা কমিটির সাবেক সদস্য আরমান হোসাইন অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন। রোববার (১৮ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

\r\n

পোস্টে আরমান হোসাইন লেখেন, “নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? সে কীভাবে হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে! এমনকি বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও সে ছিল না। এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে তার গ্রেপ্তার পুরো বিচারপ্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করবে।” 

\r\n

এর আগে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

\r\n

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি নাকি আন্দোলন দমন প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত ছিলেন।

\r\n

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে, অনেকেই নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।