গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীতে বিক্ষোভ ও সংহতি সমাবেশের আয়োজন করেছে দলটি। এ কর্মসূচি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে শনিবার বিকেল ৩টায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।”
প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
আহত নুরকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার পাশাপাশি আহত অন্য নেতাকর্মীরাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





