গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের সহিংস ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সরকারের কাছে ঘটনার আইনসম্মত তদন্তের দাবি জানান।

তারেক রহমান বলেন, “আমরা একটি সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। তাই এমন সহিংসতা যাতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে, সেটি আমাদের নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রকামী সবাই, যার মধ্যে বিএনপি ও এর জোটসঙ্গীরা রয়েছে, সংযম ও সহনশীলতা বজায় রাখবে। দেশের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা জয়ী হওয়া উচিত। আমাদের দেশকে দলবাজি, সহিংসতা এবং অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।”

তারেক রহমান আরও জানান, “যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, তবে আমাদের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে হবে। কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব।”