কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতির সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন হলেন মিনারুল ইসলাম, যিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
\r\nপুলিশ জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়েছে। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
\r\nনাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
\r\nএ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা জানিয়েছেন, আটক ব্যক্তিরা থানা পুলিশের হেফাজতে আছেন এবং পরীক্ষা চলাকালীন সময় তারা নিরাপত্তা ও পরীক্ষার্থীদের স্বস্তি বজায় রাখার জন্য নজরদারি চালাচ্ছেন।
\r\nজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার ৩৮টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।





