ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত জগন্নাথ হলের ভোটকেন্দ্রে ঢোকেন।

\r\n

এ সময় আবিদুল অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড তৈরি করেনি। সে কারণে তাঁকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

\r\n

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, “প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি খোঁজ নিচ্ছি।” পরে জগন্নাথ হল কেন্দ্রে এসে তিনি জানান, “আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।”

\r\n

এদিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার টিএসসি কেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেন, আনন্দমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে দীর্ঘ লাইন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব বেছে নেবেন এবং সব প্রার্থীই ভোটারদের রায় মেনে নেবেন।

সূত্র: প্রথম আলো