গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত পথসভায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, “নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এই দুঃসাহস এখনই মোকাবিলা করা প্রয়োজন।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলটির আসন্ন জাতীয় সম্মেলন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “দেশে চলমান অস্থিরতা স্পষ্টভাবে প্রমাণ করে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। তারা বরং জনগণের ওপর বর্বরতা চালাচ্ছে।”

গোলাম পরওয়ার অভিযোগ করেন, “জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের এখনো কোনো কার্যকর বিচার হয়নি। এই ঘটনা সরকারের ব্যর্থতাকেই সামনে আনছে।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এই অবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু করতে হলে সমান সুযোগ ও পরিবেশ নিশ্চিত করতে হবে।”

ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জামায়াতের এই নেতা বলেন, “যাতে আর কেউ ফ্যাসিবাদী হতে না পারে—এ জন্য রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের সংস্কার জরুরি।”

তিনি সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার (২০ জুলাই) জামায়াতের জাতীয় সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির কথাও জানান এ সংবাদ সম্মেলনে।