নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
হেদায়েত উল্লাহ সরকার (৪০): ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন (৫৮): ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, মো. শরিফ হাসান অনু (৫৩): ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, আ. রাজ্জাক (৪৭): বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকবৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হেদায়েত উল্লাহ সরকারকে গ্রেপ্তার করা হয় বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে, রাজধানীর দনিয়া যাত্রাবাড়ি এলাকায়, ডিবি লালবাগ বিভাগের অভিযানে। একই সময়ে, রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। বিকেল ৫টা ১৫ মিনিটে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শরিফ হাসান অনুকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ। রাত ১১টার দিকে, রমনা এলাকায় অভিযান চালিয়ে আ. রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগ।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক থানায় সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার চেষ্টা, জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা, এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন, বলেও জানান ডিএমপি কর্মকর্তা।





