এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচিত হলে পাঁচ বছর ধরে বিনা পয়সায় জনগণের সেবা করবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, কোনো ওয়াদা খেলাফ করবেন না, নিজের কাছে দুর্নীতির কোনো সুযোগ রাখবেন না এবং অধীনে থাকা কাউকেও দুর্নীতি করার সুযোগ দেবেন না। সরকারি বরাদ্দ সুষমভাবে বিতরণ করবেন এবং কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজিকে সুযোগ দেবেন না।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার শিকদার বাড়িতে আয়োজিত একটি পথসভায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভোট দিন, আমিও আপনাদের জন্য নিজেকে নিঃস্বার্থভাবে উজাড় করে দেব। অতীতে যাদের ভোট দিয়ে সংসদে পাঠানো হয়েছে, তারা নিজেদের পেট ভরেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অনিয়ম করেছে। ব্যাংকের টাকা লুট হয়েছে, ঋণখেলাপি হয়েছে এবং দেশের টাকা পাচার করে বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে।”
হাসনাত বলেন, শাপলা কনিকে বিপুল ভোটে জিতাতে প্রত্যেক ভোটারকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা করতে হবে। প্রার্থী আসছে কি না তা দেখার প্রয়োজন নেই, কারণ অতীতে অনেক প্রার্থী জেলখানায় থেকেও নির্বাচনে জয়ী হয়েছেন। উদাহরণ হিসেবে চট্টগ্রামে জামায়াতের শাজাহান চৌধুরী জেলখানায় বসেও নির্বাচনে জিতেছেন।
তিনি ভোটারদের অনুরোধ করেন, যাদের ভোটের বয়স হয়নি, তারা তাদের আঙ্কেল-আন্টি, আত্মীয়-স্বজনদের শাপলা কনিকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করুন। নির্বাচনের আগে আপনারা আমার জন্য খাটলে নির্বাচনের পরে আমি আপনাদের জন্য কাজ করতে পারব।
এদিন হাসনাত আব্দুল্লাহ উপজেলার রাজামেহার ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





