চীন নতুনভাবে গঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন সফরে দেশটির শীর্ষ নেতাদের পক্ষ থেকে এ আগ্রহ প্রকাশ করা হয়েছে।

\r\n

সোমবার (৩০ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীন সফর প্রসঙ্গে এসব কথা জানান তিনি।

\r\n

বিএনপির মহাসচিব বলেন, “চীন সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দৃঢ় সমর্থনের কথা জানানো হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, এবং চীন ইতিবাচক সাড়া দিয়েছে। চীন প্রস্তাব দিলে বিএনপি তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”

\r\n

রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “চীন আন্তরিকতার সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করছে। এ বিষয়ে তারা সক্রিয় রয়েছে।”

\r\n

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির ৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত ২২ জুন বেইজিং সফরে যায় এবং ২৭ জুন দেশে ফিরে। সফরে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

\r\n

প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান; চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন; মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।