জাতীয় নির্বাচন–পরবর্তী সরকারকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, “যদি মনে করি আমাদের বিপ্লব গত বছর শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবো। এই বিপ্লব চলমান—এটি চলবে যতদিন না জুলাইয়ের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয়।”
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ‘বিপ্লব ও গণঅভ্যুত্থানের সফলতা ও ব্যর্থতা : ৭ নভেম্বর থেকে ৫ আগস্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নির্ধারিত সময়েই হতে হবে। সময়মতো নির্বাচন না হলে যে অস্থিরতা সৃষ্টি হবে, তা বাইরের শক্তি—বিশেষত দিল্লি—নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে।
‘স্বচ্ছ ও সুষ্ঠু’ নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুদ্ধি অভিযান না হওয়ায় প্রশাসনিক জটিলতা এখনও রয়ে গেছে। আওয়ামী দোসরদের তৎপরতাও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা আছে। তিনি আরও বলেন, অনেকেই জুলাই বিপ্লবকে ‘বিপ্লব’ হিসেবেই মানতে চান না; এমনকি বর্তমান সরকারও বিপ্লবী সরকার ঘোষণায় দ্বিধা করছে। বিপ্লবের চেতনাকে ধারণ করতে না পারায় শুদ্ধি অভিযানও চালাতে পারেনি তারা।
জুলাই বিপ্লবের কর্মীদের ঐক্য থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুলি খেতে যাওয়ার সময় কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেনি। তরুণ প্রজন্ম আবু সাঈদের মতো হতে চেয়েছিল বলেই বিপ্লব সফল হয়েছে। যারা এই বিপ্লব করেছে তারাই দেশকে সঠিক পথে নিতে পারবে। তোমরা ঐক্যবদ্ধ থাকো—ঐক্য থাকলে বাংলাদেশ পথ হারাবে না। দেশের ভবিষ্যৎ সুরক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহা. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, অধ্যাপক ইমেরিটাস ড. আজহারুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ প্রমুখ।





