ভোটের আর মাত্র এক দিন বাকি। প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হয়। সন্দেহ হলে ব্যাগ ও যানবাহন তল্লাশি করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেই এই তৎপরতা। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় টহলও বাড়ানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শাহবাগে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি চালায় শাহবাগ থানা পুলিশ। তল্লাশির সময় চালক ও আরোহীদের শরীর তল্লাশি করা হয় এবং ব্যাগপত্র পরীক্ষা করা হয়।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশী এলাকায় তল্লাশি চালানো হয়েছে। এ সময় কোনো নাশকতামূলক বস্তু পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, ধানমন্ডি ২৭, ৮/এ, শুক্রবাদ, সায়েন্সল্যাব, জিগাতলা ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবি আলাদা তল্লাশি কার্যক্রম চালিয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, নির্বাচন সামনে রেখে তার বিভাগের ছয়টি থানা এলাকায় তল্লাশি ও অভিযান জোরদার করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে এই নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





