আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে ২৫ হাজার ৮৭১ জন নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।উপদেষ্টা জানান,পুলিশ বাহিনীতে নিয়োগ পেয়েছেন ১৫,৮৫১ জন,বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪,৪৬৯ জন,কারা অধিদপ্তরে ১,৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন।
এসব পদে নিয়োগ সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত, যার মধ্যে রয়েছে নতুন সৃজিত ও শূন্যপদ পূরণ। আনসার ও বিজিবিতেও কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক এক আলোচিত মামলায় মাইটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“বাদী যদি বলে সম্পৃক্ততা নেই, তবে কোর্টে যান। যদি গ্রেপ্তার বেআইনি হয়, কোর্ট তাকে ছেড়ে দেবে। কোর্ট তো স্বাধীন।”
তিনি আরও বলেন,
“আমরা চাই নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়। তবে যারা দোষী, তারা কোনোভাবেই ছাড় পাবে না।”
বড় অপরাধীদের গ্রেপ্তারে মিডিয়ার মনোযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন,
“চুনোপুঁটি ধরা হলে কেউ কিছু বলেন না, কিন্তু বড় রুই মাছ ধরা পড়লেই সবার আগ্রহ বেড়ে যায়। এবার এক বড় অপরাধী ধরা পড়েছে, সবাই তৎপর হয়ে গেছেন। আপনাদের ধন্যবাদ, আপনারা সত্য কথা বলেন।”
উপদেষ্টা জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর নতুন সদস্যরা দ্রুত প্রশিক্ষণ শেষ করে দায়িত্ব পালনে যুক্ত হবেন। নির্বাচন ঘিরে সারাদেশে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে সরকারের সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।





