বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পিআর পদ্ধতিসহ নানা কারণে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যারা পিআর পদ্ধতির দাবিতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, তারা আসলে স্বৈরাচারকে শক্তিশালী করার পক্ষে কাজ করছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। নির্বাচন পিছিয়ে গেলে এর সুবিধা পাবে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা, যা সবার মনে রাখা জরুরি।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে হবে রাজনীতির মাধ্যমেই, জোর জবরদস্তি করে নয়। বলপ্রয়োগের পথে গেলে জনগণ মনে করবে, উগ্রপন্থা বেছে নেওয়া হচ্ছে।
তিনি মনে করিয়ে দেন, দেশে রাজনৈতিক সংস্কারের সূচনা হয়েছিল বিএনপির হাত ধরেই। অথচ যারা এখন সংস্কারের কথা বলছে, তারাই অতীতে স্বৈরাচারকে পুনর্বাসন করেছিল।
বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।





