ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।


শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে রয়েছে। স্বৈরাচারের ১৫ বছরের মধ্যে তারা কোনো সুষ্ঠু নির্বাচন পাননি, তাই সবাই ভালো নির্বাচন চায়। যারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করবে বা আইন নিজের হাতে নেবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। অনৈতিক দাবির মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “যারা স্বৈরাচারের ধারাবাহিকতাকারী দল, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। একটি রাজনৈতিক দল হলে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করত। কিন্তু তারা তা না করে অস্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে হত্যা করেছে। তারা ভেবেছিল, অনেক মানুষকে হত্যা করলে আগামী ১৫ বছর সবাই চুপ থাকবে। এখন তারা নিজেই নিজেকে বাইরে রেখেছে।”


\r\n\r\n\r\n\r\n

প্রেস সচিব আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছে।” তিনি নির্বাচনে অপপ্রচার বা সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান।