ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ‘একান্ত অপরিহার্য কারণ’ ছাড়া সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
গত ২১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, পূর্বে বিদেশ ভ্রমণ সীমিত করার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছিল। তবুও অনেক কর্মকর্তা সেই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছেন না। একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা, এমনকি উপদেষ্টা ও সচিবও একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন—যা পূর্বের নির্দেশনার পরিপন্থী।
পরিপত্রে বলা হয়,
“ইতিপূর্বে জারি করা সকল বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করতে হবে। এখন থেকে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বিদেশ ভ্রমণ করবেন না।”
এই নির্দেশনার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করে ১৩ দফা নির্দেশনা জারি করেছিল।
সেসব নির্দেশনার মধ্যে ছিল—
১. সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা।
২. বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের তালিকা আগে থেকেই জানানো।
৩. মন্ত্রণালয়ভিত্তিক বিদেশ ভ্রমণ ডেটাবেজ তৈরি করা।
৪. একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ ভ্রমণ না করা।
৫. উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফর এড়িয়ে চলা, একান্ত প্রয়োজন হলে কারণ উল্লেখ করা।
৬. সচিব ও অধিদপ্তরপ্রধানদের ‘অপরিহার্য জাতীয় স্বার্থ’ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণ না করা।
৭. সেমিনার বা ওয়ার্কশপে অংশগ্রহণের ক্ষেত্রে আমন্ত্রণকারী কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী দেশের কর্মকর্তাদের পর্যায় উল্লেখ করা।
৮. প্রস্তাবে ভ্রমণের প্রয়োজনীয়তা ও প্রস্তাবিত কর্মকর্তার সংশ্লিষ্টতা স্পষ্ট করা।
৯. প্রযুক্তিগত কাজে কেবল সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পাঠানো।
১০. সরকারি অর্থে অপ্রয়োজনীয় বিদেশ সফর বাতিল করা।
১১. বিনোদনমূলক বিদেশ ভ্রমণ পরিহার করা।
১২. দীর্ঘমেয়াদি শিক্ষণ ছুটি থেকে বিরত থাকা।
১৩. বিদেশ ভ্রমণের প্রস্তাবে সংশ্লিষ্ট কর্মকর্তার পূর্ববর্তী এক বছরের সফরের বিবরণ সংযুক্ত করা।
এর আগে ডলার সংকটের কারণে বিদেশ ভ্রমণ সীমিত করার নির্দেশনাও দিয়েছিল সরকার।





