জাতীয় নির্বাচন পেছানোর \"সুপরিকল্পিত ষড়যন্ত্র\" চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নানা কৌশলে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা করছে।
\r\nমঙ্গলবার (২০ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি।
\r\nবিএনপি মহাসচিব বলেন, “বর্তমান সরকার দেশকে অস্থিতিশীল করতে চায়। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিকল্পিত অনুপ্রবেশ ঘটিয়ে তারা বিভাজনের রাজনীতি শুরু করেছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে।”
\r\nতিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এমতাবস্থায় আমাদের সংগঠন হিসেবে দায়িত্বশীলভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
\r\nসীমান্তপারের \"ষড়যন্ত্র\" নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, “বাইরের কিছু শক্তিও এই অস্থিরতা তৈরিতে ইন্ধন দিচ্ছে। তাই অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি সীমান্তের বাইরের দিকেও আমাদের নজর রাখতে হবে।”
\r\nএসময় তিনি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঘোষিত আট দিনের কর্মসূচির কথা জানান। কর্মসূচির অংশ হিসেবে ২৫ মে থেকে বিভিন্ন আয়োজন শুরু হবে। ২৭ ও ২৮ মে ঢাকায় তারুণ্যের সমাবেশ এবং ২৯ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩০ মে সকাল ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা।
\r\nমির্জা ফখরুল বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।”





