বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা নানা ধরনের বক্তব্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে, তারা আসলে গণতন্ত্র কিংবা দেশের মানুষের পক্ষে কাজ করছে না।


শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।


সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রতিটি বিষয়ে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা ছিল আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তুলে গণতান্ত্রিক উত্তরণের পথকে সহজ করা। সেই নির্দেশনা অনুযায়ী আমরা বহুবার সরকারের সঙ্গে আলোচনা করেছি। গণতান্ত্রিক সব শক্তির সঙ্গে আমরা আলাপ-আলোচনায় রয়েছি। জাতির ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, পুরো জাতি অপেক্ষা করছে।


তিনি আরও বলেন, আমরা সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, যার জন্য অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন। দীর্ঘ ১৬-১৭ বছর আমরা অবিরাম গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। যদি আমরা প্রকৃত অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে এবং সেটিকে শক্তিতে রূপান্তরিত করতে হবে।


বিএনপির এই নেতা অভিযোগ করেন, আজ যারা নির্বাচন নিয়ে শঙ্কা ছড়াচ্ছে, তারা মূলত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। নিজেদের স্বার্থে তারা কথাবার্তা ঘুরিয়ে-ফিরিয়ে বলছে, যাতে নির্বাচন বিলম্বিত বা বানচাল করা যায়। তারা চায় না নির্বাচন হোক। কিন্তু দেশের জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। এর বিপক্ষে কেউ যুক্তি দাঁড় করিয়ে নির্বাচন ঠেকাতে চাইলে জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।