বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি খোলা চিঠিতে তিনি ভোট বর্জনের সিদ্ধান্তের বিষয়টি জানান। চিঠিটি তার কর্মী সমর্থকদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।


চিঠিতে জিন্নাহ অভিযোগ করেন, শিবগঞ্জে বর্তমানে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ নেই। তার বিরুদ্ধে এবং দলের নেতাকর্মীদের নামে একাধিক মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন এবং নিয়মিত ভয়ভীতি ও হুমকির মধ্যে রাখা হচ্ছে। তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষসহ রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


তিনি আরও বলেন, রাজনীতি হওয়া উচিত উন্নয়ন ও জনকল্যাণের প্রতিযোগিতা, কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন জনগণের অধিকার রক্ষা না করে ভয়ভীতি ও জবরদস্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস না করার কারণে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।


খোলা চিঠিতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনের সকল সময়ে শিবগঞ্জের মানুষের পাশে থাকার কথা উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া তিনি শিবগঞ্জবাসীর প্রতি শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।


চিঠির সত্যতা নিশ্চিত করে জিন্নাহ মুঠোফোনে বলেন, “আমার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। অনেককে এলাকা ছাড়তে হয়েছে। এই অবস্থায় নির্বাচনের কোনো পরিবেশ নেই, তাই আমি সরে দাঁড়াচ্ছি।”