দেশে স্থিতিশীলতা, শান্তি ও গণতন্ত্র ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, যারা নির্বাচনকে ‘সংস্কার’ ও ‘ফ্যাসিস্টদের বিচার’-এর শর্তে আটকে রাখতে চান, তারা রাজনীতিতে অপরিপক্ব ও অনভিজ্ঞ। এসব প্রক্রিয়া চলমান থাকলেও, অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে।

\r\n

সোমবার (২ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

\r\n

প্রিন্স বলেন, “ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চান, তারা গণতন্ত্র ও সংস্কারের ধারায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু জুনেই নির্বাচন আয়োজনের দাবি তোলা একটি মহলের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।” একই সঙ্গে তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বক্তব্য ও কর্মকাণ্ড সরকারকে বিতর্কিত করে তুলেছে।”

\r\n

তিনি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা বজায় রেখে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

\r\n

বিএনপির এই নেতা আরও বলেন, “অর্ধ-শতাধিক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে। তা না হলে নির্বাচন অনিশ্চিত হয়ে নতুন ষড়যন্ত্রের সুযোগ তৈরি হবে।”

\r\n

আলোচনা সভায় শহীদ জিয়ার ‘সবার জন্য চিকিৎসা’ নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “পল্লী চিকিৎসকরা জিয়ার সৃষ্টি। তারা গ্রামীণ জনসাধারণের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার কর্মসূচিতে ‘সর্বজনীন চিকিৎসা’ বাস্তবায়নে পল্লী চিকিৎসকদের অবদান অপরিহার্য।”

\r\n

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এএসএম মারুফ হোসাইন, সাধারণ সম্পাদক রহমত আলী, চট্টগ্রাম জেলা সভাপতি মামুনুল ইসলাম চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারা সবাই পল্লী চিকিৎসকদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির আদর্শ ও বার্তা গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।