রবিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইয়ার ইয়াবস সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাতকালে প্রফেসর ইউনূস ইইউকে আশ্বস্ত করেছেন যে, আগামী নির্বাচন ও গণভোট সুচারুভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও পিসফুল। এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত, যাতে ভোট প্রক্রিয়াটি নির্বিঘ্নে পরিচালিত হয়।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান থাকবে এবং এই বিষয়ে কোনও সমস্যা দেখা দিচ্ছে না। তিনি ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান এই নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য, যা সুষ্ঠু নির্বাচন ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের ঝুঁকিপূর্ণ ভোটিং সেন্টারে বডি ক্যামেরা বসানো হবে এবং সিসিটিভি মনিটরিং করা হবে। নিরাপত্তা বাহিনীকে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত থাকবে।
তিনি আরও জানান, ‘হ্যাঁ’ ভোটের জন্য অন্তর্বর্তী সরকার সচেতনতা তৈরি করবে এবং আইনি পরামর্শের পর নিশ্চিত করা হয়েছে যে, এর জন্য কোনও বাধা নেই।
প্রেস সচিব শফিকুল আলম উল্লেখ করেছেন, সাক্ষাতকালে আওয়ামী লীগ বা নির্বাচনে দলের অংশগ্রহণ নিয়ে কোনও আলোচনা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের সর্বত্র নির্বাচনের প্রস্তুতি চলছে। জানুয়ারি ২২ থেকে ফরমাল নির্বাচনী প্রচারণা শুরু হবে। তিনি ইইউ পর্যবেক্ষক দলের উপস্থিতিকে বাংলাদেশের নির্বাচনের জন্য বড় একটি সমর্থন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করেছেন।





