ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (আজ) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।


তিনি বলেন, এতদিন প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি গিয়ে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে একদিকে সময় নষ্ট হতো, অন্যদিকে নির্বাচন কমিশনেরও অতিরিক্ত ব্যয় বহন করতে হতো। এসব বিবেচনায় এবার পুরোনো পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মো. রুহুল আমিন মল্লিক জানান, নতুন ব্যবস্থায় আবেদন সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে। এ জন্য একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। নির্ধারিত তথ্য পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সেখানে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই তাদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।


অনলাইনে আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।