রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সরাসরি সম্পর্ক নেই। সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


ফরহাদ মজহারের ভাষ্যে, নির্বাচনকে গণতন্ত্রের একমাত্র উপাদান ভাবা ভুল ধারণা। তিনি বলেন, “যদি আমরা কিছু করতে চাই, তাহলে দয়া করে নির্বাচনের ধারণাটা বাদ দেন। নির্বাচন মানেই গণতন্ত্র—এই ধারণা ভুল। গণতন্ত্র মানে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়ন, যার আরেকটি নাম গণসার্বভৌমত্ব। জনগণের গাঠনিক ক্ষমতা কেড়ে নেওয়া যায় না। তারা আন্দোলনসহ নানা উপায়ে সেই ক্ষমতা প্রয়োগ করে।”


তিনি আরও বলেন, কেন্দ্রীয় ক্ষমতার কাঠামো বদলালেও পুরোনো রাষ্ট্রযন্ত্র অক্ষত রয়েছে। “শেখ হাসিনার রাষ্ট্রটিকে আমরা টিকিয়ে রেখেছি, তাই রাষ্ট্রীয় কাঠামো এখনো দানবের মতো দাঁড়িয়ে আছে। এটা ভাঙা যাচ্ছে না। ড. ইউনূস এটাকে সংস্কারের কথা বলছেন,” মন্তব্য করেন তিনি।


নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ সম্পর্কে ফরহাদ মজহার বলেন, গণপরিষদ গঠন করা এবং সেই গণপরিষদের মাধ্যমে সাংবিধানিক, আইনি ও রাষ্ট্রীয় সব প্রশ্নের নিষ্পত্তি করাই এখন সবচেয়ে বড় কাজ। তার মতে, সহজ সমাধানকে জটিল করে ফেললেই বিভিন্ন শক্তি সেটিকে নষ্ট করে ফেলে।


ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “জনগণকে বলতে দিন তারা কেমন বাংলাদেশ চায়। জনগণকে ক্ষমতা দিন। দু-তিনজন মিলে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলে সেটার কোনো বৈধতা থাকে না। আপনাদের এর কোনো এখতিয়ারও নেই।”