বাংলাদেশ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এই প্রত্যাশায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্টি প্রকাশ করেছে। তাদের মতে, একটি নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরবে।”


তিনি আরও বলেন, “ইইউ মনে করে, একটি বৈধ ও নির্বাচিত সরকারের অধীনে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি নানা সিদ্ধান্ত কার্যকর করা সহজ হবে। তাই নির্বাচনই এখন প্রধান বিষয়।”


বৈঠকে বাংলাদেশের বিচার বিভাগ ও সংসদীয় কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে বলে জানান খসরু। তিনি বলেন, “ইইউ বাংলাদেশের বিচার বিভাগকে আরও স্বচ্ছভাবে পরিচালনার পক্ষে এবং বিচার বিভাগীয় স্বাধীন সচিবালয় গঠনের বিষয়েও তাদের সমর্থন রয়েছে। তারা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।”


বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে ইউরোপীয় ইউনিয়ন আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বলেও জানান বিএনপির এই নেতা। “ইইউ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে চায়। শ্রমিকদের অধিকার ও সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। তারা অনুদান ও ঋণের বাইরেও অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে,” বলেন খসরু।


এছাড়া, বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গির মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।