ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা সফরে আসছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত সদস্যের এই দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।

দলটি আগামী ৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এবং এই সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষতা নিশ্চিত হচ্ছে কি না—তা যাচাই করে দেখবে। এই সফরের ভিত্তিতেই ইইউ সিদ্ধান্ত নেবে, তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

সফরকালে ইইউ প্রতিনিধি দল নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবে। তারা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিবেশ, প্রস্তুতি এবং নির্বাচনী প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য—তা মূল্যায়ন করবে।

এর আগে সোমবার (৪ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার হামিদ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমিশনকে জানানো হয়েছে।

তিনি বলেন, “এখনও ইইউ পর্যবেক্ষক দলের সফরসূচি ও বিস্তারিত কার্যক্রম আমাদের কাছে আসেনি। তবে তারা নির্বাচন প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলেই ধারণা করছি।”