নির্বাচন কমিশনার (অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাইয়ের আন্দোলনের মূল কারণ ছিল পচা নির্বাচন ও ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচন কমিশন (ইসি) আর কখনো পক্ষপাতদুষ্ট বা প্রহসনের নির্বাচন আয়োজন করবে না।


শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন,

\"আমরা সময়ের ক্রসরোডে দাঁড়িয়ে আছি। চোখ বন্ধ করেই ভাবুন—জুলাই আন্দোলনের পেছনে প্রধান কারণ কী? এর এক নম্বর কারণ হচ্ছে পচা নির্বাচন। জনগণ আর প্রহসনের নির্বাচন মেনে নেবে না।\"


মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন,

\"আমরা আর কখনো পক্ষপাতমূলক বা প্রহসনের নির্বাচন করব না। কেউ যদি নির্বাচনকে কলুষিত করে, তার দায় তাকেই নিতে হবে। নির্বাচন কমিশন সেই দায় নেবে না। ইসি আপনাদের কোনো চাপ দেবে না, ইনিয়ে-বিনিয়ে কথা বলবে না।\"


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।