দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, \"নির্বাচনের আগে অবশ্যই একটি সুষ্ঠু ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে।\"


শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে তিনি বলেন, “পাটগ্রামের ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। এমন সহিংস পরিস্থিতি এখন সারাদেশে বিরাজ করছে। এই প্রেক্ষাপটে কোনো নির্বাচনই অংশগ্রহণমূলক বা নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।”


নির্বাচন বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য আমরা রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন অনুষ্ঠানের আগে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে, যাতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণ আস্থার সঙ্গে ভোট দিতে পারে।”


সহিংসতা সম্পর্কে প্রশ্নের উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী সবসময় সহিংসতা ও মব পলিটিক্সের বিপক্ষে। ১৯৭২ সাল থেকেই আমরা শান্তিপূর্ণ গণতন্ত্রে বিশ্বাস করি এবং সেই পথেই অটল রয়েছি।”


তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংলাপ ও গঠনমূলক আলোচনা দেশের রাজনৈতিক সংকট নিরসনে সহায়ক হবে।