ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ (বৃহস্পতিবার) থেকে দেশের বিভিন্ন প্রার্থী প্রচারণা শুরু করেছেন। তবে উৎসবমুখর পরিবেশের মাঝে নির্বাচনী মাঠে উত্তাপও লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগ ছড়াচ্ছে।
মাঠের লড়াই শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার দলকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা শুরু করার অভিযোগে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চারটি দলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির লিখিত অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার এ ব্যবস্থা নেয়া হয়। ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২১ জানুয়ারির আগে যেকোনো ধরনের প্রচারণা নির্বাচনী আচরণবিধিমালার ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে ১৮ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, কিছু রিটার্নিং অফিসার, এসপি ও ওসি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। এছাড়া জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।
নির্বাচনের আগে পোস্টাল ব্যালট নিয়েও জটিলতা দেখা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অভিযোগ করেছেন, ব্যালটের কলাম ও প্রক্রিয়া নির্দিষ্ট কিছু দলের সুবিধার দিকে সাজানো হয়েছে। প্রবাসীদের জন্য পাঠানো ব্যালটেও কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।
ইসির তফসিল অনুযায়ী, আজ থেকে প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





