আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১২ ডিসেম্বর (শুক্রবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে নির্বাচনী ফান্ড এবং ক্যাম্পেইনের বিবরণও প্রকাশ করেছেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “সেদিন বলেছিলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেক অর্থের প্রয়োজন, যা আমার কাছে ছিল না। সেই সময় অস্ট্রেলিয়া প্রবাসী এক বোন, পরিচিত এক ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান এবং অনুপ্রেরণা দেন যে আমাদের জনগণের প্রতিনিধি হওয়া জরুরি। গণ-অভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো দরকার।”
সাবেক উপদেষ্টা বলেন, “সেদিনই নির্বাচনে লড়ার সাহস পেয়েছিলাম। যেমনভাবে লাখো জনতার মিছিল আমাদের গণভবন পর্যন্ত পৌঁছে দিয়েছিল এবং স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল। জনগণের সহযোগিতা এবং সমর্থনই আমার একমাত্র ভরসা।”
নির্বাচনী ক্যাম্পেইন সম্পর্কে তিনি জানান, “আমরা স্বেচ্ছাসেবক আহ্বান করেছিলাম। ইতিমধ্যেই ৬২৮৪ জন আবেদন করেছেন, যার একটি উল্লেখযোগ্য অংশ ঢাকা-১০ আসনের বাসিন্দা। দ্রুতই তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”





