নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সরকারের পক্ষে শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, তরুণদের সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থার মতো দাবিগুলো সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
কার্কি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। এ ছাড়া, বিদেশে কর্মরত নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও আশ্বস্ত করেন, প্রবাসী ও অভিবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবি ও অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভাষণের শেষে প্রধানমন্ত্রী কার্কি সকল নাগরিককে সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং যোগ্য নেতৃত্ব বেছে নিতে উৎসাহিত করেন।





