নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে প্রচারে নেমেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি ঘরে ঘরে গিয়ে শাপলা কলি প্রতীকের জন্য ভোট চাইছেন।


মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দেবিদ্বারের ১৮টি স্থানে পদযাত্রা ও উঠান বৈঠক করেন তিনি। খাদঘর এলাকা থেকে কর্মসূচি শুরু হয়ে রাতে আতাপুর সিরাজ মাস্টারের বাড়ির উঠান বৈঠকের মধ্য দিয়ে শেষ হয় দিনের প্রচার। প্রতিটি জায়গায় সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, আর সাড়া পেয়েছেন বেশ ভালো।


কূরছাপ এলাকায় পথসভায় হাসনাত বলেন, অনেকেই নাকি মনে করেন তিনি ৫০০ ভোট পাবেন। তার কথায়, মাত্র নয় মাসের একটি নতুন দল যদি বাপ–দাদার পরিচয় ছাড়াই ৫০০ ভোট পায়, সেটাও বড় অর্জন। তিনি জানান, রাজমিস্ত্রীর ছেলে হয়েও তিনি এমপি নির্বাচন করছেন, যা তার কাছে গর্বের।


আরেক জায়গায় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজি বা মদ–গাঁজা বিক্রির চেয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া অনেক ভালো। তিনি সরাসরি বলেন, “ভোট ভিক্ষা করছি। আমাদের এজেন্ট নেই, হয়তো ৫০০ ভোটও পাবো না। আপনারা একজন–দুজন করে ভোট দিলে কৃতজ্ঞ থাকব।”


তার ভাষায়, শাপলা কলি প্রতীক পেয়েছেন, আল্লাহ রিজিক দিলে জিতবেন, না দিলে নয়। বিরোধী আচরণের জবাবে তিনি শান্ত থাকতে চান। কেউ গালি দিলে সালাম দেবেন বলেও জানান তিনি।


বুধবারও তিনি গজারিয়া এলাকা থেকে শুরু করে সারাদিন ১৫টি স্থানে পদযাত্রা ও উঠান বৈঠক করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই নেতা এনসিপির হেভিওয়েট প্রার্থী হিসেবেই মাঠে নেমেছেন।


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

কুমিল্লা–৪ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব হাসনাতের জন্য সুযোগ হয়ে উঠতে পারে বলেও স্থানীয়রা মনে করছেন।