বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী এলাকায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। সমর্থক নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা আর দমন-পীড়নের কারণে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

শরিফুল ইসলাম জিন্নাহ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জবাসীর উদ্দেশে দেওয়া খোলা চিঠিতে বলেন, অনেক নেতা-কর্মীকে এলাকাছাড়া করা হয়েছে এবং সাধারণ ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ফলে শিবগঞ্জে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি ভোট বর্জনকে জনগণের অধিকার হরণ নয়, বরং ন্যায় ও ন্যায্যতার পক্ষে দাঁড়ানোর রাজনৈতিক প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা করেছেন।

চিঠিতে তিনি বলেন, “রাজনীতি হওয়া উচিত উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পেরেই আমি নির্বাচন বর্জনের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সাধারণ ভোটারদের শান্তি ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

শরিফুল ইসলাম জিন্নাহ উল্লেখ করেছেন, তার নিজের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। তার নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছেন এবং তাদের ওপর ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাই নির্বাচনী পরিবেশ না থাকার কারণে ভোট বর্জন করা হলো।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বগুড়া-২ আসনে জাপার এই হেভিওয়েট প্রার্থীর আকস্মিক ভোট বর্জন স্থানীয় নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে।

জানা গেছে, তিনি ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বার নির্বাচিত হন। এছাড়া ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।