বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান সংকটে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, সংগঠনের প্রতিটি স্তরকে আরও শক্তিশালী করতে হবে এবং সামনে যে আন্দোলন-সংগ্রাম আসছে, তাতে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিগুলো সফল করতে দলীয় ঐক্য ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সানোয়ার মিয়া। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলুসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শামা ওবায়েদ বলেন, একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। ফরিদপুরসহ সারা দেশে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।