গাজীপুরের টঙ্গীর স্যাটার্ন গার্মেন্টস লিমিটেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা করায় ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল।

টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (১ জুলাই) রাতে এ তথ্য জানানো হয়। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগের ঘনিষ্ঠদের সঙ্গে ব্যবসা করা এবং নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় কাজী হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।

এজাহার অনুযায়ী, হুমায়ুন কবির চুক্তির ভিত্তিতে কারখানা থেকে ঝুট আনতে গেলে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। তারা স্যাটার্ন গার্মেন্টসে প্রবেশ করে মারধরের পাশাপাশি ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের অধিকাংশই বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী। অভিযুক্তরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার অনুসারী বলেও অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৩ মে ঝুট ব্যবসা নিয়েই এই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় দুই পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হন। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি মামলা হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

এ পর্যন্ত স্যাটার্ন গার্মেন্টসকে ঘিরে ঝুট ব্যবসার বিরোধে তিনটি মামলা হয়েছে।

নোটিশ পাওয়া কাজী হুমায়ুন কবির বলেন, “স্যাটার্ন গার্মেন্টসের সঙ্গে চুক্তি অনুযায়ী আমি ঝুট ব্যবসা করি। ঝুট আনতে গিয়ে আমার লোকজনের ওপর হামলা হলে আমি থানায় মামলা করি। এই বিষয়টিকে কেন্দ্র করেই আমাকে শোকজ করা হয়েছে।”