এমপির গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এমন সময় বাইসাইকেল চালিয়ে হাঁপাতে হাঁপাতে এমপির কাছে দেখা করতে আসেন ৮০ বছরের এক বৃদ্ধ। এ অবস্থায় দেখে বৃদ্ধকে নিজের গাড়িতে তুলে দেন এমপি। 

আর নিজে বৃদ্ধের বাইসাইকেল চালিয়ে চলতে শুরু করেন। তিনি গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবী। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত এই এমপি এ ঘটনায় প্রশংসা কুড়াচ্ছেন।

এমপি সালাউদ্দিন আইউবী এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‌‘‘প্রায় আশি বছর বয়সী বৃদ্ধ সাইকেল চালিয়ে এসে সাইকেল রেখে দৌড়ে আমার কাছে আসলেন। তিনি রীতিমতো হাঁপাচ্ছিলেন। তখন আমি সেই স্থান ত্যাগ করার উপক্রম। তিনি বলছিলেন, তিনি আমার সাথে যাবেন। তখন আমি বললাম, ঠিক আছে।

 আপনি আমার গাড়িতে ওঠেন, আমি আপনার সাইকেল চালিয়ে যাচ্ছি। এই সুযোগে দীর্ঘদিন পর দুই চাকার সবচেয়ে প্রবীণ বাহন চালানো হলো। আলহামদুলিল্লাহ! এমন নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার অন্যতম পাথেয়। মহান আল্লাহ তাদের এই মোহাব্বত কবুল করে নিন। আমি যেন তাদের পাশে থেকে কিছু করে যেতে পারি মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।’’