যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরও নয়জন আহত হয়েছেন।
পুলিশের ধারণা, এটি গ্যাং-সংক্রান্ত সহিংসতা। সোমবার (১৮ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য প্রকাশ করেছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ২৭ মিনিটে ক্রাউন হাইটস এলাকার টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁয় গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করেন।
ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন নারী। নিহত তিনজন পুরুষের বয়স ১৯, ২৭ ও ৩৫ বছর। ১৯ বছর বয়সী তরুণ ঘটনাস্থলেই মারা যান, বাকিরা হাসপাতালে মৃত্যুবরণ করেন। আহত নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে কারও অবস্থাই প্রাণঘাতী নয়।
টিশ জানান, ভিড়ে ঠাসা ওই রেস্তোরাঁয় ঝগড়ার জেরে গোলাগুলি শুরু হয়। তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি গ্যাং-সংক্রান্ত ঘটনা বলে মনে হচ্ছে।” কিছু ভুক্তভোগী ঘটনার সঙ্গে জড়িত হলেও নিরীহ মানুষও এতে আক্রান্ত হয়েছেন।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্রের ৪২টি খোসা উদ্ধার করেছেন।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এই হামলাকে “ভয়াবহ বন্দুক সহিংসতা” হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, কয়েক সপ্তাহ আগে ম্যানহাটনে আরেকটি হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে একজন এনওয়াইপিডি কর্মকর্তা ছিলেন। অ্যাডামস বলেন, “এ ধরনের বন্দুক সহিংসতা একটি সম্প্রদায় ও শহরের জন্য গভীর ক্ষত তৈরি করে।” শহরজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের মাধ্যমে ইতোমধ্যেই ২২ হাজারের বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সহায়তায় এবং প্রতিশোধমূলক সহিংসতা রোধে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়েছে।
এনওয়াইপিডি কমিশনার টিশ বলেন, “এ বছর প্রথম সাত মাসে নিউইয়র্ক সিটিতে গুলিবর্ষণের ঘটনা এবং গুলিবিদ্ধ মানুষের সংখ্যা রেকর্ড কম। আজ সকালে যা ঘটল, তা নিঃসন্দেহে ভয়াবহ এবং ব্যতিক্রমী।”





