ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগামী ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত একটি ফেডারেল আদালতে প্রথমবারের মতো হাজির হচ্ছেন। মার্কিন কর্তৃপক্ষের দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি অভিযোগের শুনানিতে তাকে আদালতে তোলা হবে বলে আদালতসংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আদালতের নথি অনুযায়ী, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি মাদকচক্রের সঙ্গে যোগসাজশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। পাশাপাশি কোকেন পাচারের একটি বৃহৎ নেটওয়ার্ক পরিচালনায় ভূমিকা রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া অবৈধ অস্ত্র রাখার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে মামলায়। মার্কিন প্রসিকিউশন বিভাগের দাবি, এসব কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।
এই মামলাকে আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করছেন বিশ্লেষকেরা। একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এমন অভিযোগে হাজিরা নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে ইতোমধ্যে লাতিন আমেরিকা ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মাদুরোর আদালতে হাজিরা এবং মামলার পরবর্তী কার্যক্রম ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি ও যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে, সেদিকে এখন সবার নজর।





