জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনায় আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান।

জামিনে মুক্তির সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। মিজানুর রহমান দাবি করেছেন, আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে তাঁর খোঁজ নিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন।

মিজান প্রথম আলোকে বলেন, ‘আদালতে আমার হাজিরা ছিল রাত ১১টায়। তবে শতাধিক আওয়ামী লীগ কর্মীর ভিড় এড়াতে বিচারক আমাকে সাড়ে আটটার দিকেই কোর্টে হাজির করেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না থাকায় আদালত আমাকে জামিনে মুক্তি দেন এবং পরবর্তী হাজিরার জন্য তারিখ নির্ধারণ করেন।’ তিনি আরও বলেন, ‘যিনি মামলা করেছেন—জাহিদ খান—তাকে আমি চিনিও না। আমার ধারণা, বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একটি পরিকল্পিত মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে।’

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের প্রতিনিধিদলে থাকা আখতার হোসেনের দিকে ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের টার্মিনাল ৪-এ ডিম ছোড়েন মিজানুর রহমান।

ওই রাতেই, সাড়ে ৯টার দিকে, জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলী সাদিক বলেন, ‘সোমবার রাতে আমরা দিনভর বিক্ষোভ কর্মসূচির সফলতা উদযাপন করছিলাম। তখন বিএনপির একজন সমর্থক মিথ্যা অভিযোগে পুলিশ ডেকে এনে মিজানকে গ্রেপ্তার করান।’