ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে শাহবাগ পশ্চিম থানার পরীবাগ মসজিদসংলগ্ন ২১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ক্যাম্পে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কয়েকজন সন্ত্রাসী হঠাৎ ক্যাম্পে এসে নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে স্লোগান দিয়ে হুমকি দেয়। এ সময় তারা ক্যাম্প ভেঙে ফেলা ও আগুন দেওয়ার হুমকিও দেয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং ক্যাম্পে উপস্থিত নেতাকর্মীদের মারধর করা হয়।
হামলার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা কিছুক্ষণ ধস্তাধস্তির পর পালিয়ে যায়। এ ঘটনায় জামায়াতের চারজন কর্মী আহত হন। তাদের মধ্যে সুমন নামের একজন গুরুতর আহত হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অভিযোগ করা হয়েছে, এর আগের দিন রাত সাড়ে ১১টার দিকে একই ক্যাম্পের সামনে ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের কর্মীরা এসে স্লোগান দেয় এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।





