নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট—মেহেদী হাসান ও মিনহাজুর রহমান—শুনানি শেষে এই আদেশ দেন।


আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি সাংবাদিকদের জানান,

\"ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ফ্যাসিবাদী সরকার সাজা দিয়েছিল। তারা আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করেছেন।\"

তিনি আরও জানান, দ্রুতই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

আত্মসমর্পণকারী নেতারা হলেন: মো. আব্দুল আওয়াল খান (তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক), মো. রেজওয়ানুল হক সবুজ (ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি), সোহাগ মোল্লা (সহসভাপতি), মো. শরীফুল ইসলাম মাসুম (সাবেক ছাত্রনেতা), হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু, মো. রাসেল


মামলার তথ্য অনুযায়ী, গুলশান থানার একটি এবং বনানী থানার দুটি মামলায় মো. আব্দুল আওয়াল খানকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গুলশান থানার এক মামলায় মো. রাসেল ও আলমগীর বিশ্বাস রাজুকে ৩ বছর ৬ মাস করে এবং বনানী থানার এক মামলায় বাকি পাঁচজনকে ২ বছর করে সাজা দেওয়া হয়েছিল।


এই মামলাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেখছে আসামিপক্ষ।