জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভোটাররা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। শতাধিক ভোটারের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে তারা ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদনপত্রও দাখিল করা হয়।

মানববন্ধনে ভোটাররা অভিযোগ করেন, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তৎকালীন সরকার ভোটকেন্দ্রে লোকসমাগম দেখানোর উদ্দেশ্যে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলো একত্র করে হাস্তাবসন্তপুর শাহ্ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আক্কেলপুর সরকারি এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করে। এতে দুই ওয়ার্ডের ভোটারদের দুর্ভোগ বেড়ে গেছে। বিশেষ করে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ও অসুস্থ ভোটাররা ভোট দিতে দূরত্বের কারণে সমস্যায় পড়ছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ এবং ৫ নম্বর ওয়ার্ডের ভোটার তরিকুল ইসলাম তুহিন। তারা সবাই নির্বাচনের আগে ভোট কেন্দ্র পুনর্বহাল না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুশিয়ারি দেন।

স্থানীয় ভোটার কামরুজ্জামান মিলন বলেন, “ভোটকেন্দ্র দূরে যাওয়ায় অনেককে ঝুঁকি নিয়ে দূরবর্তী এলাকায় যেতে হবে, যা অনেককে ভোট দেওয়ার সুযোগ থেকে বিরত রাখবে।”
নারী ভোটার পাপুল বেগম অভিযোগ করেন, “ভোটকেন্দ্র পরিবর্তনের কারণে আমাদের বাড়ির কাছের কেন্দ্রে ভোট দেওয়া সম্ভব হবে না। এতে নারীদের ও বৃদ্ধদের ভোগান্তি বাড়ছে।”

উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান বলেন, ভোট কেন্দ্র ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে, তবে গেজেট আকারে প্রকাশ হয়নি। সরাসরি নির্বাচন কমিশনে লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত জানান, তিনি লিখিত আবেদন পেয়েছেন এবং খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।

উপজেলার ভোটাররা জোর দিয়ে বলেন, ভোট আমাদের মৌলিক অধিকার। ভোট কেন্দ্র পুনর্বহাল না হলে তাদের ভোটাধিকার কার্যত বাধাগ্রস্ত হবে।