ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে চলমান বিতর্ক, নারী হেনস্তা, চট্টগ্রাম ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে \"অব্যাহত মিথ্যাচার\"-এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এর আগে নারী নিপীড়নের প্রতিবাদে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাতে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ কর্মসূচি ঘোষণা করে।
ছাত্রদলের দাবি, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেন এক 'শিবির নেতা'। এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।
সোমবার দিবাগত রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “নারীর সম্মান ধ্বংসে ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরের প্রতিচ্ছবি। তারা আসলে এক মুদ্রার এপিঠ-ওপিঠ।”
ছাত্রশিবির আরও দাবি করেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা প্রত্যাখ্যান করেছে তারা।
আজকের কর্মসূচিতে রাজধানীসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানিয়েছে সংগঠনটি।





