নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, ভূমিকম্প চলাকালে ভুলতা থেকে গাউছিয়ার দিকে যাওয়ার সময় সড়কের পাশের একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে নবজাতক ফাতেমা ঘটনাস্থলেই মারা যায়। কুলসুম বেগম এবং জেসমিন বেগম আহত হন। স্থানীয়রা নবজাতকের মরদেহ উদ্ধার করেন এবং আহত দুজনকে একটি নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতক ফাতেমার মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থাও গুরুতর।