কারা ব্যবস্থাপনায় আধুনিকতা ও সংশোধনমূলক দৃষ্টিভঙ্গি আনতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’। এর অংশ হিসেবে প্রণয়ন করা হয়েছে কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫—যার খসড়া চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, “কারাগার ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে জনবল সংকট কাটিয়ে উঠতে সরকার নতুন নিয়োগের অনুমোদন দিয়েছে। এছাড়া আরও দেড় হাজার নতুন জনবলের চাহিদা পাঠানো হয়েছে।”


কারা মহাপরিদর্শক জানান, বন্দিদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হলে বন্দিরা আরও মানসম্পন্ন চিকিৎসা সুবিধা পাবেন।

তিনি আরও জানান, “বন্দিরাও মাঝেমধ্যে আমার (কারা মহাপরিদর্শক) সঙ্গে ফোনে যোগাযোগ করেন। আমরা নিয়মিত তাদের সঙ্গে কথা বলার সুযোগ রাখছি। এতে করে বন্দিদের অভ্যন্তরীণ সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি জানতে পারি।”

মহাপরিদর্শক বলেন, “কারাগার শুধু শাস্তির জায়গা নয়—এটি হওয়া উচিত পুনর্বাসন ও সংশোধনের একটি প্রতিষ্ঠান। তাই ‘জেল’ শব্দের বদলে ‘কারেকশন সার্ভিস’ নামটি বেছে নেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী প্রচলিত একটি আধুনিক ধারণা।”

উল্লেখ্য, নাম পরিবর্তনের পাশাপাশি বন্দিদের প্রশিক্ষণ, শিক্ষাদান, মানসিক উন্নয়ন ও কর্মমুখী কার্যক্রমেও জোর দেওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।