কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।
হোয়াইক্যং ঝিমংখালী এলাকার ইউপি সদস্য কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে ঝিমংখালীসংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই জেলে গুলিবিদ্ধ হন।
গুলিবর্ষণের পর স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনার সময় জেলেরা মিয়ানমার সীমান্তে নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
\r\nবিজিবির ঝিমংখালী কোম্পানি কমান্ডার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।





