ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে নাগরিক সেবা প্ল্যাটফর্মে ডিএনসিসির সেবা অন্তর্ভুক্ত করা হবে।


সমঝোতা স্মারকটি সোমবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এবং আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ডিএনসিসির পক্ষে স্বাক্ষর করেন করপোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, এবং আইসিটি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মো. মজিবর রহমান।


ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সরকারি সেবায় দুর্নীতি কমাতে এবং নাগরিক সুবিধা বাড়াতে ডিজিটাল সেবা অপরিহার্য। নাগরিক সেবা ডিজিটাইজেশন হিউম্যান ইন্টার‍্যাকশন কমিয়ে দ্রুত ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করবে। তিনি আশা প্রকাশ করেন, সমঝোতা স্মারকের মাধ্যমে সরকারি সেবা আরও সহজ ও স্বচ্ছ হবে।


বর্তমানে ‘নাগরিক সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে রাজধানীর ছয়টি কেন্দ্র থেকে ৪৬৫টি সরকারি সেবা দেওয়া হচ্ছে, যার মধ্যে ভূমি সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট, বিআরটিএ সেবা এবং বিভিন্ন ভাতার আবেদন অন্তর্ভুক্ত। নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সম্পর্কিত সেবাগুলোও প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হবে।


সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে নগরবাসী আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছভাবে নাগরিক সেবা পাবেন।