নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
নিহত আমেনা মাধবদীর বিলপাড় এলাকার বাসিন্দা আশরাফ হোসেনের মেয়ে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় এক যুবকের নেতৃত্বে কয়েকজন আমেনাকে কর্মস্থল থেকে ফেরার পথে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলে দাবি তাদের। পরিবারের আরও অভিযোগ, বুধবার রাতে তাকে খালার বাড়িতে রেখে আসার পথে আবারও জোর করে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে বাড়ি থেকে কিছু দূরের একটি সরিষা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পেলেও পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।





